
কওমি মাদরাসায় দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এ নির্দেশনাগুলো জারি করে।
জারি করা নির্দেশনায়, বোর্ডের অধিভুক্ত সব মাদরাসার মুহতামিম, দায়িত্বশীল কর্মকর্তা এবং দাওরায়ে হাদিস পরীক্ষার্থীদের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের ক্ষেত্রে শিক্ষার্থীর সানাবিয়্যা (উলয়া, সানাবিয়্যা) ও ফজিলত পরীক্ষার নম্বরপত্র এবং ফল তালিকায় নাম, পিতার নাম, মাতার নাম ও জন্মতারিখ হুবহু এক ও অভিন্ন থাকতে হবে। কোনো ধরনের তথ্যগত অমিল থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে দ্রুত বোর্ডের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করতে হবে এবং নিবন্ধনের সময় সংশোধিত নম্বরপত্র আপলোড করতে হবে।
এ ছাড়া প্রত্যেক পরীক্ষার্থীর জন্য জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করা হয়েছে। যাদের এ দুটি পরিচয়পত্রের কোনোটি নেই, তাদের দ্রুত জন্মনিবন্ধন বা এনআইডি সংগ্রহ করে নিবন্ধনের সময় তা আপলোড করার নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় ছাত্রীদের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর ফিঙ্গারপ্রিন্ট জমা দিতে হবে। একই সঙ্গে পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে ওই ফিঙ্গারপ্রিন্ট যাচাই করা হবে।
এ জন্য প্রতিটি মহিলা মাদ্রাসা ও মারকাজ (পরীক্ষাকেন্দ্র) কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে ZKTeco SLK20R বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সংগ্রহ এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়।
এছাড়াও, দাওরায়ে হাদিস পরীক্ষা কার্যক্রমের স্বচ্ছতা, শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
আপনার মতামত লিখুন :