
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা থেকে আবেদন শুরু হয়েছে। আগামী ২৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মেধা তালিকায় স্থান পাননি এবং মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি অথবা কোনো পর্যায়ে ভর্তি হওয়ার পর তা বাতিল করেছেন এমন শিক্ষার্থীরা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। এছাড়া প্রথম বা দ্বিতীয় রিলিজ স্লিপের আগে কোনো পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে চাইলে ২০ আগস্টের মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে।
আবেদন করবেন যেভাবে:
রিলিজ স্লিপে আবেদন করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) গিয়ে Applicant Login অপশনে যাবেন, এরপর Honours Login অপশনে প্রবেশ করতে হবে। তারপর Application ID এবং PIN দিয়ে লগইন করে পছন্দ অনুযায়ী সর্বোচ্চ ৫টি কলেজের বিষয় পছন্দক্রমে নির্ধারণ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন হলে ফরমটি ডাউনলোড করে প্রিন্ট বা সংরক্ষণ করতে হবে।
তবে রিলিজ স্লিপের আবেদন ফরম কোনো কলেজে জমা দেয়ার প্রয়োজন নেই। রিলিজ স্লিপে আবেদন করতে কোনো ফি দিতে হবে না।
আপনার মতামত লিখুন :