তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স-পিএইচডিতে ভর্তির সুযোগ পাবে ১০০ বাংলাদেশি
শিক্ষা সংবাদ
প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ /
০
বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষক উন্নয়ন, বৃত্তি কর্মসূচি, একাডেমিক বিনিময় এবং স্নাতকোত্তর শিক্ষায় সহযোগিতা জোরদারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং চীনের মর্যাদাপূর্ণ তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্মারকের আওতায় আগামী কয়েক বছরে প্রায় ১০০ বাংলাদেশি শিক্ষার্থীকে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে ভর্তির সুযোগ প্রদানের বিষয়ে তিয়ানজিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মত হয়েছে।
রোববার চীনের তিয়ানজিনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সফরকালে এ সমঝোতা সই হয়। প্রতিনিধিদলে ইউজিসির পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতায় অংশ নেন বিশ্ববিদ্যালয়টির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মিং দং। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন অধ্যাপক লিকিয়াং উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের গুরুত্বপূর্ণ দিকগুলো নিচে তুলে ধরা হলো:
শিক্ষার্থীর সংখ্যা: আগামী কয়েক বছরে প্রায় ১০০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে মাস্টার্স ও পিএইচডি (PhD) প্রোগ্রামে ভর্তির সুযোগ প্রদান করা হবে।
যৌথ গবেষণা ও অর্থায়ন: ইউজিসি ও তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের যৌথ অর্থায়ন কাঠামোর (Joint funding structure) আওতায় মাস্টার্স ও ডক্টর অব ফিলোসফি পর্যায়ে যৌথ কর্মসূচি চালুর প্রস্তাব দেওয়া হয়েছে
যৌথ গবেষণাগার: বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর গবেষণার প্রসার ঘটাতে যৌথ গবেষণাগার স্থাপনেরও প্রস্তাব দেওয়া হয়েছে।
চীনা ভাষা শিক্ষা: বাংলাদেশের প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা হাতে নিয়েছে ইউজিসি। এজন্য দক্ষ শিক্ষক ও পাঠ্যক্রম সহায়তার পাশাপাশি কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপনেরও প্রস্তাব দেওয়া হয়েছে।
বর্তমানে তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত আছেন এবং এই চুক্তির ফলে উচ্চশিক্ষা ও গবেষণায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
আপনার মতামত লিখুন :