
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশের চলমান বন্যা পরিস্থিতি ও বৈরি আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছিল। এ পরীক্ষার নতুন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে সব পরীক্ষা শেষ হওয়ার পর স্থগিত পরীক্ষা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (প্রেষণ) অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, সদ্যই পরীক্ষা স্থগিত করা হয়েছে। এখনও নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। সাধারণত সব পরীক্ষা শেষ হলে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হয়। এ বিষয়ে সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে।
আগামী শনিবার (১১ জুলাই) অনুষ্ঠেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) পরীক্ষার বিষয়ে তিনি বলেন, আমরা আবহাওয়া অফিসে কথা বলেছি। বৃহস্পতিবারের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে জেলা প্রশাসক, মন্ত্রণালয়সহ সবার সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা আজ বুধবার পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আশফাকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বোর্ডের সব জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দেশের বর্তমান বন্যা পরিস্থিতি বিবেচনায় এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড (সব জেলা) এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ৮ জুলাই (বুধবারের) এইচএসসি/আলিম/এইচএসসি(বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো।
আপনার মতামত লিখুন :