
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আগামী সাত কার্যদিবসের মধ্যে এই তালিকা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্ধারিত ই-মেইলে এসব তথ্য পাঠাতে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তথ্য (সংখ্যা) প্রদানের নির্দেশনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত ছক অনুযায়ী তথ্য সংগ্রহ করে দ্রুত অধিদপ্তরে পাঠাতে হবে।
ছক অনুযায়ী, কতজন পুরুষ ও নারী প্রধান শিক্ষক এবং কতজন পুরুষ ও নারী সহকারী শিক্ষক বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। একই সঙ্গে তাদের মধ্যে কারা দুই বছর পর্যন্ত এবং কারা দুই বছরের বেশি সময় ধরে অনুপস্থিত, সেটিও পৃথকভাবে উল্লেখ করতে হবে।
নির্দেশনা বাস্তবায়নের জন্য বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :