বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা হবে চার ধাপে


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ /
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা হবে চার ধাপে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহ-প্রধান পদে নিয়োগ পরীক্ষা আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা নির্ধারিত দিনে মোট চার ধাপে নেয়া হবে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ২২ টি পদের জন্য পৃথক প্রশ্নপত্রে এই নিয়োগ পরীক্ষা নেয়া হবে। প্রতিটি পদের জন্য আলাদা প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে, যাতে প্রার্থীদের যোগ্যতা নির্ভুলভাবে মূল্যায়ন করা যায়।

পরীক্ষাটি চারটি পৃথক ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকালে দুটি এবং বিকেলে দুটি শিফটে পরীক্ষা নেওয়া হবে।

এদিকে এ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়েছে। আগামী ২ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০.০০ টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এনটিআরসিএ’র সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে, যেখানে মোট ৮০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা হবে। এমসিকিউতে উত্তীর্ণ প্রার্থীদের ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মোট নম্বর ১০০ এবং পাস নম্বর ৪০ শতাংশ।

পরীক্ষার বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ জ্ঞান, মানসিক দক্ষতা, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা। এছাড়া সংশ্লিষ্ট অধিদপ্তরভেদে কারিগরি, সাধারণ ও মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

আমাদের ফেসবুক পেজে দেখুন